ক্রুশীয় মৃত্যু ও ঐতিহাসিক প্রমাণ:
“পরাজয় নাকি ইতিহাসের সবচেয়ে বড় বিজয়?”
পরাজয় নাকি ইতিহাসের সবচেয়ে বড় বিজয়?
একটি প্রশ্ন যা আপনার হৃদয়কে নাড়া দেবে
প্রিয় পাঠক, আমাদের আগের লেখায় (প্রাচীন কুরবানি ব্যবস্থা) আমরা দেখেছি যে হাজার বছর ধরে আল্লাহ তায়ালা একটি চূড়ান্ত কুরবানির জন্য মানবজাতিকে প্রস্তুত করেছেন। আদম থেকে মূসা পর্যন্ত প্রতিটি কুরবানি ছিল সেই চূড়ান্ত মুহূর্তের "ছায়া"। আর এখন আমরা সেই মুহূর্তের সামনে এসে দাঁড়িয়েছি।
ঈসা মসীহ কি সত্যিই ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন? তাঁর মৃত্যু কি একটি দুর্ঘটনা ছিল? একটি পরাজয় ছিল? নাকি এটি ছিল আল্লাহর মহাপরিকল্পনার চূড়ান্ত পূর্ণতা, যেখানে স্বয়ং কালিমাতুল্লাহ সমস্ত মানবজাতির গুনাহর কাফফারা দিতে নিজের জীবন উৎসর্গ করলেন?
আজকে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব কিতাবুল মোকাদ্দস, কুরআন শরীফ, রোমান ও ইহুদি ঐতিহাসিক দলিল এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণের আলোকে।
প্রথমত: ঈসা মসীহ নিজে কি জানতেন যে তিনি মারা যাবেন?
অনেকে মনে করেন, ক্রুশে মৃত্যু ঈসা মসীহর জন্য একটি আকস্মিক বা অপ্রত্যাশিত ঘটনা ছিল। কিন্তু কিতাবুল মোকাদ্দস বলছে, তিনি শুরু থেকেই জানতেন যে তিনি কেন পৃথিবীতে এসেছেন এবং কী ঘটতে যাচ্ছে।
তিনি তাঁর সাহাবীদের আগে থেকেই বলেছিলেন:
"ইবনুল আদমকে (মানবপুত্রকে) মানুষের হাতে ধরিয়ে দেওয়া হবে। তারা তাঁকে হত্যা করবে, আর তৃতীয় দিনে তিনি জীবিত হয়ে উঠবেন।"
(ইঞ্জিল শরীফ (মথি), মথি ১৭:২২-২৩ আয়াত)
তিনি আরও বলেছিলেন:
"কেউ আমার প্রাণ কেড়ে নেয় না, আমি নিজের ইচ্ছায় তা দিই। আমার প্রাণ দেওয়ার ক্ষমতা আমার আছে এবং আবার তা ফিরিয়ে নেওয়ার ক্ষমতাও আমার আছে।"
(ইঞ্জিল শরীফ (যোহন), ইউহোন্না ১০:১৮ আয়াত)
লক্ষ্য করুন, তিনি বলেননি "আমাকে মেরে ফেলা হবে।" তিনি বললেন "আমি নিজের ইচ্ছায় প্রাণ দিই।" এটি কোনো অসহায় মানুষের কথা নয়, এটি এমন কারো কথা যিনি নিজের মৃত্যু ও পুনরুত্থানের ওপর সম্পূর্ণ কর্তৃত্ব রাখেন।
তিনি তাঁর মৃত্যুর উদ্দেশ্যও স্পষ্ট করে বলেছিলেন:
"কারণ ইবনুল আদম সেবা পেতে আসেননি, বরং সেবা করতে এবং অনেকের মুক্তিপণ হিসেবে নিজের প্রাণ দিতে এসেছেন।"
(ইঞ্জিল শরীফ (মার্ক), মার্ক ১০:৪৫ আয়াত)
"কারণ এই হলো আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যা অনেকের জন্য গুনাহের ক্ষমার জন্য ঢালা হচ্ছে।"
(ইঞ্জিল শরীফ (মথি), মথি ২৬:২৮ আয়াত)
"মুক্তিপণ" (Ransom) এবং "গুনাহের ক্ষমার জন্য রক্ত", এই শব্দগুলো সরাসরি আমাদের আগের লেখাগুরোর সাথে যুক্ত হচ্ছে। হাজার বছর ধরে পশুর রক্ত দিয়ে যে কাফফারা দেওয়া হচ্ছিল, সেই সমস্ত কুরবানি যে চূড়ান্ত কুরবানির "ছায়া" ছিল, ঈসা মসীহ নিজেই ঘোষণা করছেন যে তিনিই সেই চূড়ান্ত কুরবানি।
দ্বিতীয়ত: সেই রাতের ঘটনা, গেৎশিমানি বাগানে
ঈসা মসীহর ক্রুশে যাওয়ার আগের রাতটি ছিল মানবেতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক রাত। তিনি জেরুজালেমের গেৎশিমানি বাগানে গিয়ে প্রার্থনা করেছিলেন।
"তিনি ভীষণ কষ্ট ও অস্থিরতায় পড়লেন। তিনি তাঁদের (সাহাবীদের) বললেন, 'আমার প্রাণ মৃত্যুযন্ত্রণায় কাতর।'"
(ইঞ্জিল শরীফ (মার্ক), মার্ক ১৪:৩৩-৩৪ আয়াত)
তিনি মাটিতে মুখ রেখে প্রার্থনা করলেন:
"হে আমার পিতা (আব্বা), যদি সম্ভব হয় তবে এই পেয়ালা আমার কাছ থেকে সরিয়ে নাও। তবু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক।"
(ইঞ্জিল শরীফ (মথি), মথি ২৬:৩৯ আয়াত)
ইঞ্জিল শরীফ (লূক) আরও একটি চমকপ্রদ বিবরণ যোগ করে:
"তিনি এত যন্ত্রণায় প্রার্থনা করছিলেন যে তাঁর ঘাম রক্তের ফোঁটার মতো মাটিতে পড়ছিল।"
(ইঞ্জিল শরীফ (লূক), লূক ২২:৪৪ আয়াত)
চিকিৎসা বিজ্ঞানে এই অবস্থাকে "হেমাটিড্রোসিস" (Hematidrosis) বলা হয়। এটি অত্যন্ত বিরল একটি অবস্থা যেখানে চরম মানসিক চাপে ত্বকের নিচের ক্ষুদ্র রক্তনালী ফেটে যায় এবং ঘামের সাথে রক্ত বের হয়। এটি প্রমাণ করে যে ঈসা মসীহ সেই রাতে কতটা অকল্পনীয় যন্ত্রণা সহ্য করছিলেন।
কিন্তু এত যন্ত্রণা সত্ত্বেও তিনি পালিয়ে যাননি। তিনি বললেন, "তোমার ইচ্ছাই পূর্ণ হোক।" তিনি জানতেন তাঁকে কেন মরতে হবে। তিনি জানতেন এটি আল্লাহর পরিকল্পনা। আর তিনি সেই পরিকল্পনায় নিজেকে সম্পূর্ণ সমর্পণ করলেন।
তৃতীয়ত: ক্রুশের ওপর কী ঘটেছিল?
রোমান সৈন্যরা ঈসা মসীহকে গ্রেপ্তার করলো। তাঁকে ইহুদি মহাযাজকের কাছে, তারপর রোমান গভর্নর পন্তিয়াস পিলাতের কাছে নিয়ে যাওয়া হলো। পিলাত তাঁর মধ্যে কোনো দোষ পেলেন না, কিন্তু ইহুদি ধর্মীয় নেতাদের চাপে তিনি ঈসা মসীহকে ক্রুশবিদ্ধ করার আদেশ দিলেন।
চাবুক মারা (Flogging)
ক্রুশে দেওয়ার আগে রোমান সৈন্যরা তাঁকে চাবুক মারলো:
"তখন পিলাতুস ঈসাকে চাবুক মারার আদেশ দিলেন।"
(ইঞ্জিল শরীফ (যোহন), ইউহোন্না ১৯:১ আয়াত)
রোমান চাবুক (flagrum) ছিল চামড়ার ফিতার সাথে ধাতু ও হাড়ের টুকরো লাগানো। প্রতিটি আঘাতে চামড়া ছিঁড়ে মাংস বেরিয়ে আসতো। ঐতিহাসিকরা বলেন, অনেক বন্দী শুধু এই চাবুকের আঘাতেই মারা যেত। প্রখ্যাত চিকিৎসা ইতিহাসবিদ Dr. William Edwards এবং তাঁর সহকর্মীরা Journal of the American Medical Association (JAMA) এ ১৯৮৬ সালে প্রকাশিত তাঁদের গবেষণাপত্র "On the Physical Death of Jesus Christ" (JAMA, Vol. 255, No. 11, পৃষ্ঠা ১৪৫৫-১৪৬৩) তে ক্রুশবিদ্ধকরণের চিকিৎসা বিশ্লেষণ দিয়েছেন।
কাঁটার মুকুট
"সৈন্যরা কাঁটা দিয়ে একটি মুকুট বানিয়ে তাঁর মাথায় পরিয়ে দিলো এবং তাঁকে বেগুনি রঙের পোশাক পরালো। তারা তাঁর কাছে এসে বলতে লাগলো, 'ইহুদিদের বাদশাহ, সালাম!' আর তারা তাঁকে চড় মারতে লাগলো।"
(ইঞ্জিল শরীফ (ইউহোন্না), ইউহোন্না ১৯:২-৩ আয়াত)
ক্রুশে পেরেক ঠোকা ও ক্রুশবিদ্ধকরণ
"তারা তাঁকে ক্রুশে দিলো। তাঁর সাথে আরও দুজনকে ক্রুশে দিলো, একজন তাঁর এপাশে, একজন ওপাশে, আর মাঝখানে ঈসাকে।"
(ইঞ্জিল শরীফ (ইউহোন্না), ইউহোন্না ১৯:১৮ আয়াত)
রোমান ক্রুশবিদ্ধকরণ ছিল প্রাচীন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর ও যন্ত্রণাদায়ক মৃত্যুদণ্ড। ইংরেজি শব্দ "excruciating" (অসহনীয় যন্ত্রণা) ল্যাটিন "crucis" (ক্রুশ) থেকে এসেছে। অর্থাৎ ক্রুশের যন্ত্রণা এতটাই ভয়ংকর ছিল যে এটি বোঝাতে একটি নতুন শব্দ তৈরি করতে হয়েছিল।
রোমান ঐতিহাসিক সিসেরো (Cicero, খ্রীষ্টপূর্ব ১০৬-৪৩) ক্রুশবিদ্ধকরণ সম্পর্কে লিখেছেন: "এটি সবচেয়ে নিষ্ঠুর ও ভয়ংকর শাস্তি" (In Verrem, 2.5.165)।
চতুর্থত: ক্রুশের ওপর ঈসা মসীহর সাতটি বাণী
ক্রুশের ওপর থেকে ঈসা মসীহ সাতটি বাক্য বলেছিলেন। প্রতিটি বাক্য তাঁর হৃদয়ের গভীরতা এবং তাঁর মিশনের উদ্দেশ্য প্রকাশ করে।
প্রথম বাণী: ক্ষমা
"হে পিতা (আল্লাহ), এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কী করছে।"
(ইঞ্জিল শরীফ, লূক ২৩:৩৪ আয়াত)
যারা তাঁকে হত্যা করছিল, তিনি তাদের জন্য ক্ষমা চাইলেন! কোন মানুষ তার হত্যাকারীদের জন্য ক্ষমা প্রার্থনা করে? এটি সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এটি শুধুমাত্র তাঁর পক্ষেই সম্ভব যিনি স্বয়ং রহমতের মূর্ত প্রতীক।
দ্বিতীয় বাণী: জান্নাতের প্রতিশ্রুতি
ক্রুশে তাঁর পাশে ঝুলন্ত একজন অপরাধী তাঁকে বললো, "আপনি যখন আপনার রাজ্যে আসবেন, তখন আমাকে মনে রাখবেন।" ঈসা মসীহ উত্তর দিলেন:
"আমি তোমাকে সত্যি বলছি, আজই তুমি আমার সাথে বেহেশতে (জান্নাতে) থাকবে।"
(ইঞ্জিল শরীফ, লূক ২৩:৪৩ আয়াত)
মৃত্যুর মুখে দাঁড়িয়ে তিনি একজন অপরাধীকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। জান্নাতে প্রবেশের অনুমতি কে দিতে পারে? এটি কি একজন সাধারণ নবীর পক্ষে সম্ভব?
চতুর্থ বাণী: সবচেয়ে রহস্যময় কথা
"এলি, এলি, লামা শাবাক্তানি? অর্থাৎ, আমার আল্লাহ, আমার আল্লাহ, কেন তুমি আমাকে ত্যাগ করেছ?"
(ইঞ্জিল শরীফ, মথি ২৭:৪৬ আয়াত)
এটি ক্রুশের সবচেয়ে রহস্যময় এবং হৃদয়বিদারক মুহূর্ত। ঈসা মসীহ এখানে যাবুর শরীফ (গীতসংহিতা) ২২:১ আয়াত উদ্ধৃত করছেন। এই মুহূর্তে সমস্ত মানবজাতির গুনাহের বোঝা তাঁর ওপর চাপানো হচ্ছিল। তিনি যিনি চিরকাল আল্লাহর সাথে ছিলেন, সেই তিনি প্রথমবারের জন্য আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্নতা অনুভব করলেন। কেন? কারণ তিনি আমাদের গুনাহ বহন করছিলেন। গুনাহর পরিণতি হলো আল্লাহ থেকে বিচ্ছিন্নতা। আর ঈসা মসীহ সেই বিচ্ছিন্নতা আমাদের বদলে ভোগ করলেন।
সপ্তম বাণী: সম্পন্ন হলো
"সম্পন্ন হলো!"
(ইঞ্জিল শরীফ (যোহন), ইউহোন্না ১৯:৩০ আয়াত)
গ্রিক ভাষায় এখানে "তেতেলেস্তাই" (τετέλεσται / Tetelestai) শব্দটি ব্যবহৃত হয়েছে। এই শব্দটি প্রাচীন গ্রিক ব্যবসায়িক লেনদেনে ব্যবহৃত হতো যখন কোনো ঋণ সম্পূর্ণরূপে পরিশোধ করা হতো। প্রত্নতত্ত্ববিদরা প্রাচীন গ্রিক রসিদপত্রে (papyri receipts) এই শব্দটি পেয়েছেন, যার অর্থ "সম্পূর্ণ পরিশোধিত" (Paid in Full)।
ঈসা মসীহ যখন বললেন "তেতেলেস্তাই" (সম্পন্ন হলো), তিনি ঘোষণা করলেন যে মানবজাতির গুনাহর ঋণ সম্পূর্ণরূপে পরিশোধিত হয়ে গেছে। আর কোনো কুরবানির প্রয়োজন নেই। আর কোনো পশুর রক্ত ঝরানোর দরকার নেই। চূড়ান্ত মূল্য পরিশোধ করা হয়ে গেছে, একবার এবং তা চিরকালের জন্য।
পঞ্চমত: ঐতিহাসিক প্রমাণ, ক্রুশীয় মৃত্যু কি সত্যিই ঘটেছিল?
এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ঈসা মসীহর ক্রুশীয় মৃত্যু কি ঐতিহাসিকভাবে প্রমাণিত? কিতাবুল মোকাদ্দসএর বাইরে কি কোনো প্রমাণ আছে?
রোমান ঐতিহাসিক টেসিতাস (Tacitus)
রোমান ঐতিহাসিক ও সিনেটর টেসিতাস তাঁর গ্রন্থ "Annals" (Book XV, Chapter 44, ১১৬ খ্রীষ্টাব্দ) এ লিখেছেন:
"খ্রীষ্টোস (Christus), যার নাম থেকে এই নামটি (খ্রীষ্টান) এসেছে, তিবেরিয়াসের রাজত্বকালে আমাদের প্রকিউরেটর পন্তিয়াস পিলাতের হাতে চরম শাস্তি ভোগ করেছিলেন।"
টেসিতাস খ্রীষ্টান ছিলেন না। বরং তিনি খ্রীষ্টানদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করতেন। তবুও তিনি ঈসা মসীহর মৃত্যুদণ্ড, পিলাতের নাম এবং তিবেরিয়াসের শাসনকাল নিশ্চিত করেছেন। একজন শত্রুর মুখ থেকে আসা সাক্ষ্যের ওজন সবচেয়ে বেশি।
ইহুদি তালমুদ (Babylonian Talmud)
ইহুদি ধর্মীয় গ্রন্থ তালমুদে (Sanhedrin 43a) লেখা আছে:
"পাসওভারের (নিস্তারপর্বের) প্রাক্কালে ইয়েশু (ঈসা) কে ঝুলিয়ে দেওয়া হলো (ক্রুশবিদ্ধ করা হলো)।"
ইহুদি তালমুদ ঈসা মসীহর বিরোধী একটি উৎস। তারা তাঁকে মসীহ মানে না। তবুও তারাও তাঁর ক্রুশবিদ্ধকরণের ঘটনা অস্বীকার করতে পারেনি। শত্রু যখন ঘটনা স্বীকার করে, সেটাই সবচেয়ে শক্তিশালী প্রমাণ।
ইহুদি ঐতিহাসিক জোসেফাস (Josephus)
ফ্লেভিয়াস জোসেফাস তাঁর গ্রন্থ "Antiquities of the Jews" (Book XVIII, Chapter 3.3, ৯৩-৯৪ খ্রীষ্টাব্দ) এ লিখেছেন:
"পিলাতুস, আমাদের মধ্যকার প্রধান লোকদের অভিযোগে, তাঁকে ক্রুশে দণ্ডিত করেছিলেন।"
সিরিয়ান দার্শনিক মারা বার-সেরাপিওন (Mara bar Serapion)
প্রথম শতাব্দীর শেষ দিকে সিরিয়ান দার্শনিক মারা বার-সেরাপিওন তাঁর ছেলেকে লেখা একটি চিঠিতে (বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত) উল্লেখ করেছেন:
"ইহুদিদের বিজ্ঞ রাজাকে হত্যা করে তাদের কী লাভ হলো? সেই থেকে তাদের রাজ্য ধ্বংস হয়ে গেল।"
চারটি সম্পূর্ণ ভিন্ন, স্বাধীন এবং অখ্রীষ্টীয় ঐতিহাসিক উৎস ঈসা মসীহের ক্রুশীয় মৃত্যু নিশ্চিত করছে। এটি ইতিহাসের সবচেয়ে ভালোভাবে নথিবদ্ধ ঘটনাগুলোর একটি।
প্রখ্যাত ইতিহাসবিদ ও নাস্তিক পণ্ডিত Bart Ehrman (University of North Carolina) তাঁর গ্রন্থ "Did Jesus Exist?" (HarperOne, 2012, পৃষ্ঠা ১৬৩) এ লিখেছেন:
"ঈসার ক্রুশবিদ্ধকরণ ইতিহাসের সবচেয়ে নিশ্চিত ঘটনাগুলোর একটি।"
ষষ্ঠত: সেই মুহূর্তে কী কী অলৌকিক ঘটনা ঘটেছিল?
ঈসা মসীহ যখন ক্রুশে শেষ নিশ্বাস ত্যাগ করলেন, তখন কিছু অলৌকিক ঘটনা ঘটলো যা কিতাবুল মোকাদ্দস লিপিবদ্ধ করেছে:
"দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সমস্ত দেশের ওপর অন্ধকার ছেয়ে গেল।"
(ইঞ্জিল শরীফ, মথি ২৭:৪৫ আয়াত)
"আর দেখো, ইবাদতখানার পর্দা ওপর থেকে নিচ পর্যন্ত দুভাগ হয়ে ছিঁড়ে গেল।"
(ইঞ্জিল শরীফ, মথি ২৭:৫১ আয়াত)
ইবাদতখানার এই পর্দা ছিল মহাপবিত্র স্থানের সামনের পর্দা, যা মানুষ ও আল্লাহর মধ্যে বিভাজন করতো। শুধুমাত্র মহাযাজক বছরে একবার সেই পর্দার পেছনে যেতে পারতেন। কিন্তু ঈসা মসীহর মৃত্যুর মুহূর্তে সেই পর্দা ওপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে গেল। এর অর্থ হলো, মানুষ ও আল্লাহর মধ্যে যে দেয়াল (গুনাহ) ছিল, ঈসা মসীহর কুরবানি সেই দেয়াল ভেঙে দিয়েছে। এখন প্রতিটি মানুষ সরাসরি আল্লাহর কাছে আসতে পারে।
সেখানে দাঁড়িয়ে থাকা রোমান সেনাপতি যখন এসব দেখলেন, তিনি বলে উঠলেন:
"সত্যিই ইনি আল্লাহর পুত্র ছিলেন!"
(ইঞ্জিল শরীফ (মথি), মথি ২৭:৫৪ আয়াত)
সপ্তমত: নবীদের ভবিষ্যদ্বাণী কীভাবে পূর্ণ হলো?
ঈসা মসীহর ক্রুশীয় মৃত্যুর ঘটনাটি কোনো আকস্মিক ঘটনা ছিল না। শত শত বছর আগে নবীরা এই ঘটনার প্রতিটি খুঁটিনাটি বর্ণনা করে গিয়েছিলেন।
যাবুর শরীফ (গীতসংহিতা) এ দাউদ নবী ঈসা মসীহর ক্রুশীয় মৃত্যুর প্রায় ১,০০০ বছর আগে লিখেছিলেন:
"তারা আমার হাত ও পা বিদ্ধ করেছে। আমি আমার সব হাড় গুনতে পারি। তারা আমার দিকে তাকিয়ে দেখছে। তারা নিজেদের মধ্যে আমার পোশাক ভাগ করে নিচ্ছে এবং আমার কাপড়ের জন্য লটারি করছে।"
(যাবুর শরীফ (গীতসংহিতা), ২২:১৬-১৮ আয়াত)
ইঞ্জিল শরীফ বলছে এটি হুবহু পূর্ণ হয়েছিল:
"সৈন্যরা যখন ঈসাকে ক্রুশে দিলো, তখন তারা তাঁর কাপড়গুলো নিয়ে চারভাগ করলো... তাঁর জামাটির জন্য তারা লটারি করলো।"
(ইঞ্জিল শরীফ (যোহন), ইউহোন্না ১৯:২৩-২৪ আয়াত)
১,০০০ বছর আগে লেখা ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে পূর্ণ হচ্ছে। এটি কি কাকতালীয়? নাকি এটি প্রমাণ করে যে ক্রুশীয় মৃত্যু আল্লাহর পূর্বনির্ধারিত পরিকল্পনা ছিল?
তাহলে আপনিই বলুন, ক্রুশ কি পরাজয়, নাকি বিজয়?
প্রিয় পাঠক, বাইরের দিক থেকে দেখলে ঈসা মসীহর ক্রুশীয় মৃত্যু একটি পরাজয় মনে হতে পারে। একজন নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হলো।
কিন্তু কিতাবুল মোকাদ্দস বলছে, এটিই ছিল ইতিহাসের সবচেয়ে বড় বিজয়। কারণ:
প্রথমত, হাজার বছর ধরে পশুর রক্ত যা করতে পারেনি, ঈসা মসীহর রক্ত তা একবারেই সম্পন্ন করেছে: মানবজাতির গুনাহর সম্পূর্ণ কাফফারা।
দ্বিতীয়ত, ইবাদতখানার পর্দা ছিঁড়ে যাওয়া প্রমাণ করে যে, মানুষ ও আল্লাহর মধ্যে গুনাহর যে দেয়াল ছিল, তা ভেঙে পড়েছে।
তৃতীয়ত, "তেতেলেস্তাই" (সম্পন্ন হলো) ঘোষণা প্রমাণ করে যে, গুনাহর ঋণ সম্পূর্ণরূপে পরিশোধিত হয়ে গেছে।
চতুর্থত, চারটি অখ্রীষ্টীয় ঐতিহাসিক উৎস, যা এই ঘটনার সত্যতা নিশ্চিত করে।
পঞ্চমত, নবীদের শত শত বছর আগের ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে।
কিন্তু গল্প এখানেই শেষ নয়। ক্রুশে মৃত্যু যদি শেষ কথা হতো, তাহলে ঈসা মসীহ আর দশজন শহীদের মতোই থেকে যেতেন। কিন্তু তৃতীয় দিনে এমন কিছু ঘটলো যা পৃথিবীর ইতিহাস চিরকালের জন্য বদলে দিলো। তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলেন!
সেই অবিশ্বাস্য ঘটনার ঐতিহাসিক প্রমাণ জানতে আমাদের পরবর্তী লেখাটি পড়ুন: "পুনরুত্থান (Resurrection): ইতিহাসের সবচেয়ে পরীক্ষিত ঘটনা"।
আপনার জন্য একটি প্রশ্ন
ক্রুশের ওপর থেকে ঈসা মসীহ আপনার জন্য তাঁর প্রাণ দিয়েছেন। তিনি আপনার গুনাহর বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছেন। তিনি আপনার বদলে সেই শাস্তি ভোগ করেছেন যা আপনার প্রাপ্য ছিল।
তাহলে প্রশ্ন হলো, আপনি কি এই কুরবানিকে গ্রহণ করবেন? নাকি এড়িয়ে যাবেন?
"কারণ আল্লাহ দুনিয়াকে এতই মহব্বত করলেন যে তিনি তাঁর একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁর ওপর ঈমান আনে সে বিনষ্ট না হয়, বরং অনন্ত জীবন পায়।"
(ইঞ্জিল শরীফ (যোহন), ইউহোন্না ৩:১৬ আয়াত)
যোগাযোগ করুন
আপনার মতামত, প্রশ্ন, আমাদের সম্পর্কে জানার অথবা আপনি যদি আমাদেরকে কিছু বলতে চান, তবে আপনার নাম, ইমেল ও আপনার কথা লিখে পাঠিয়ে দিতে পারেন। আমরা অবশ্যই আপনাকে যথাযথ সহযোগীতা করবো।
ইমেল:
contact.alkalimatullah@gmail.com
আমাদের লেখা সম্পর্কে আপনার যদি কোন মতামত বা প্রশ্ন থাকে তবে লিখে জানাতে পারেন
কালিমাতুল্লাহ
সত্য অনুসন্ধানের পথে আপনাকে স্বাগতম
হোম-ব্লগ ও প্রবন্ধ-প্রশ্নোত্তর-সম্পদ-যোগাযোগ
যোগাযোগ
salam@alkalimatullah.org
গোপনীয়তা ও নিরাপত্তা সম্পূর্ণ নিশ্চিত
© 2026 কালিমাতুল্লাহ-ঐতিহাসিক ও আধ্যাত্মিক সত্য অনুসন্ধান কেন্দ্র।
সত্য অনুসন্ধান করুন, কারণ সত্য আপনাকে মুক্ত করবে।