খ্রীষ্টীনদের বিশ্বাস, ইবাদত ও আমল সংক্রান্ত জিজ্ঞাসা:
খ্রীষ্টানরা কি শুধু "বিশ্বাস করো আর যা ইচ্ছা তাই করো" এই নীতিতে চলেন?
প্রিয় পাঠক, আপনি হয়তো শুনেছেন বা মনে মনে বিশ্বাসও করেন যে "খ্রীষ্টানদের কোনো ইবাদত নেই, কোনো নিয়ম-কানুন নেই। তারা শুধু বলে 'ঈসা মসীহতে বিশ্বাস করো, ব্যস, নাজাত পেয়ে গেছ।' তারপর তারা যা ইচ্ছা তাই করে।"


একটি সাধারণ ভুল ধারণা যা দূর করা খুবই জরুরি
কিন্তু এটি একটি মারাত্মক ভুল বোঝাবুঝি।
আমি জানি কেন আপনি এমনটি মনে করেন। কারণ আপনি যদি আমাদের আগের আর্টিকেল "নাজাতের ধারণা" টি পড়ে থাকেন, যেখানে আমরা দেখিয়েছি যে নাজাত আমলের ফল নয়, এটি আল্লাহর অনুগ্রহের দান। তবে আপনার এটি নিশ্চয়ই মনে প্রশ্ন আসতে পারে, "তাহলে তো ভালো কাজ করার কোনো দরকারই নেই!"


কিতাবুল মোকাদ্দস কখনো বলেনি "বিশ্বাস করো আর যা ইচ্ছা তাই করো।" বরং কিতাবুল মোকাদ্দস বলছে, সত্যিকারের ঈমান একজন মানুষের জীবনকে সম্পূর্ণরুপে বদলে দেয়। যার জীবন বদলায় না, তার ঈমান প্রশ্নবিদ্ধ।
তাই, আজকে আমরা দেখব কিতাবুল মোকাদ্দস ঈমানদারদের জীবনযাপন সম্পর্কে কী শেখায়। নামাজ, রোজা, দান, পবিত্র জীবনযাপন, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি অবাক হবেন দেখে যে, খ্রীষ্টীয় ইবাদত কতটা গভীর ও সুন্দর!
প্রথমত: নাজাত ও আমলের সম্পর্ক, একটি চূড়ান্ত ব্যাখ্যা
সবার আগে, নাজাত ও আমলের সম্পর্কটি একবারে পরিষ্কার করে নিই।
আমরা আমাদের আর্টিকেল "নাজাতের ধারণা" তে দেখেছি:
"আল্লাহ্র রহমতে ঈমানের মধ্য দিয়ে তোমরা নাজাত পেয়েছ। এটা তোমাদের নিজেদের দ্বারা হয় নি, তা আল্লাহ্রই দান। এটা কাজের ফল হিসাবে দেওয়া হয় নি, যেন কেউ গর্ব করতে না পারে।"
(ইঞ্জিল শরীফ, ইফিষীয় ২:৮-৯ আয়াত)
কিন্তু ঠিক এর পরের আয়াতেই বলা হয়েছে:
"আমরা আল্লাহ্র হাতের তৈরী। আল্লাহ্ মসীহ্ ঈসার সংগে যুক্ত করে আমাদের নতুন করে সৃষ্টি করেছেন যাতে আমরা সৎ কাজ করি। এই সৎ কাজ তিনি আগেই ঠিক করে রেখেছিলেন, যেন আমরা তা করে জীবন কাটাই।"
(ইঞ্জিল শরীফ, ইফিষীয় ২:১০ আয়াত)
পার্থক্যটি বুঝুন: ভালো কাজ নাজাতের "কারণ" নয়, ভালো কাজ নাজাতের "ফল"। আমরা ভালো কাজ করি নাজাত পাওয়ার জন্য নয়, বরং আমরা ভালো কাজ করি কারণ আমরা ইতিমধ্যেই নাজাত পেয়েছি এবং আমাদের হৃদয় পরিবর্তন হয়েছে।
একটি সহজ উদাহরণ দিয়ে বুঝার চেষ্টা করি: একটি আপেল গাছ, আপেল ফল দেয় কারণ সে আপেল গাছ। সে ফল দিয়ে আপেল গাছ হয় না। ঠিক তেমনি, একজন সত্যিকারের ঈমানদার ভালো কাজ করেন কারণ তার ভেতরে আল্লাহর রূহ কাজ করছে, সে ভালো কাজ করে ঈমানদার হয় না।
ইয়াকুব (ঈসা মসীহর ভাই) এই সম্পর্কটি অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন:
"প্রাণ ছাড়া শরীর যেমন মৃত ঠিক তেমনি কাজ ছাড়া ধার্মিকের ঈমানও মৃত।"
(ইঞ্জিল শরীফ (যাকোব), ইয়াকুব ২:২৬ আয়াত)
অর্থাৎ, যদি কেউ বলে "আমি ঈমান এনেছি" কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন নেই, কোনো ভালো কাজ নেই, তাহলে তার ঈমান "মৃত" অর্থাৎ আসল ঈমানই নয়। সত্যিকারের ঈমান সবসময় ফল দেয়, জীবন পরিবর্তন করে, ভালো কাজে উদ্বুদ্ধ করে।
দ্বিতীয়ত: খ্রীষ্টীয় বিশ্বাসে দোয়া/মুনাজাত/নামাজ (প্রার্থনা/সালাত)
অনেকে মনে করেন খ্রীষ্টানরা নামাজ (প্রার্থনা/সালাত) পড়ে না। এটি সম্পূর্ণ ভুল। প্রার্থনা (দোয়া/নামাজ) খ্রীষ্টীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
ক. ঈসা মসীহ নিজে নামাজ (প্রার্থনা/সালাত) পড়তেন
"পরদিন খুব ভোরে অন্ধকার থাকতেই ঈসা উঠলেন এবং ঘর ছেড়ে একটা নির্জন জায়গায় গিয়ে মুনাজাত করতে লাগলেন (প্রার্থনা করলেন)।"
(ইঞ্জিল শরীফ, মার্ক ১:৩৫ আয়াত)
"এর পরে ঈসা মুনাজাত করবার জন্য একটা পাহাড়ে গেলেন এবং সারা রাত আল্লাহ্র কাছে মুনাজাত করে কাটালেন।"
(ইঞ্জিল শরীফ, লূক ৬:১২ আয়াত)
খ. ঈসা মসীহ সাহাবীদের নামাজ (প্রার্থনা/সালাত) শিখিয়েছিলেন
ঈসা মসীহ তাঁর সাহাবীদের একটি বিশেষ দোয়া/প্রার্থনা শিখিয়েছিলেন যা "মাবুদের প্রার্থনা" (Lord's Prayer) নামে পরিচিত:
"এইজন্য তোমরা এইভাবে মুনাজাত কোরো:
হে আমাদের বেহেশতী পিতা,
তোমার নাম পবিত্র বলে মান্য হোক।
তোমার রাজ্য আসুক।
তোমার ইচ্ছা যেমন বেহেশতে
তেমনি দুনিয়াতেও পূর্ণ হোক।
যে খাবার আমাদের দরকার
তা আজ আমাদের দাও।
যারা আমাদের উপর অন্যায় করে,
আমরা যেমন তাদের মাফ করেছি,
তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় মাফ কর।
আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিয়ো না,
বরং শয়তানের হাত থেকে রক্ষা কর।"
(ইঞ্জিল শরীফ, মথি ৬:৯-১৩ আয়াত)
লক্ষ্য করুন, এই মুনাজাতে কি কি উপাদান রয়েছে: আল্লাহর নামের পবিত্রতা, তাঁর রাজ্যের (বাদশাহি) জন্য প্রার্থনা, দৈনিক রিজিকের জন্য দোয়া, গুনাহের ক্ষমা চাওয়া, এবং মন্দতা থেকে রক্ষা পাওয়ার আর্জি। খ্রীষ্টীয় প্রার্থনা কোনো ভাসা ভাসা কথা নয়, এটি আল্লাহর সামনে গভীর বিনয়ে নিজেকে সম্পূর্ণরুপে সমর্পণ করা।
গ. কিতাবুল মোকাদ্দস নিয়মিত মুনাজাতের কথা বলে
"সবসময় নামাজ পড়ো (দোয়া/মুনাজাত করো), ক্লান্ত হয়ো না।"
(ইঞ্জিল শরীফ, লূক ১৮:১ আয়াত)
"বিরতিহীনভাবে নামাজ পড়ো (দোয়া/মুনাজাত করো)।"
(ইঞ্জিল শরীফ, ১ থিষলনীকীয় ৫:১৭ আয়াত)
"পাক-রূহের দ্বারা পরিচালিত হয়ে মনেপ্রাণে সব সময় মুনাজাত কর। এইজন্য সজাগ থেকে আল্লাহ্র সমস্ত বান্দাদের জন্য সব সময় মুনাজাত করতে থাক।"
(ইঞ্জিল শরীফ, ইফিষীয় ৬:১৮ আয়াত)
"বিরতিহীনভাবে মুনাজাত করো" এটি দিনে পাঁচবারের চেয়েও বেশি! খ্রীষ্টীয় বিশ্বাসে প্রার্থনা শুধু নির্দিষ্ট সময়ে নয়, সারাদিন আল্লাহর সাথে যোগাযোগ রাখা। প্রতিটি মুহূর্তে আল্লাহর সাথে কথা বলা। এটি একটি জীবন্ত সম্পর্ক।
ঘ. প্রথম শতাব্দীর খ্রীষ্টানদের নামাজের অভ্যাস
প্রথম শতাব্দীর ঈমানদারদের সম্পর্কে লেখা আছে:
ঈমানদারদের চালচলন
”সেই সময়ে লোকেরা সাহাবীদের শিক্ষা শুনত, তাঁদের সংগে এক হয়ে মসীহের মেজবানী গ্রহণ করত এবং মুনাজাত করে সময় কাটাত।"
(ইঞ্জিল শরীফ, প্রেরিত ২:৪২ আয়াত)
"একদিন বেলা তিনটায় মুনাজাতের সময়ে পিতর ও ইউহোন্না বায়তুল-মোকাদ্দসে যাচ্ছিলেন।"
(ইঞ্জিল শরীফ, প্রেরিত ৩:১ আয়াত)
প্রথম শতাব্দীর ঈমানদাররা নির্দিষ্ট সময়ে (বিকেল তিনটায়) এবং নিয়মিতভাবে নামাজ পড়তেন। এটি কোনো ঐচ্ছিক বিষয় ছিল না, এটি ছিল তাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ।
তৃতীয়ত: খ্রীষ্টীয় বিশ্বাসে রোজা (উপবাস)
অনেকে অবাক হয়ে জানবেন যে খ্রীষ্টীয় বিশ্বাসেও রোজা (উপবাস) একটি গুরুত্বপূর্ণ ইবাদত।
ক. ঈসা মসীহ নিজে ৪০ দিন রোজা রেখেছিলেন
"এর পরে পাক-রূহ্ ঈসাকে মরুভূমিতে নিয়ে গেলেন যেন ইবলিস ঈসাকে লোভ দেখিয়ে গুনাহে ফেলবার চেষ্টা করতে পারে। সেখানে চল্লিশ দিন ও চল্লিশ রাত রোজা রাখবার পর ঈসার খিদে পেল। "
(ইঞ্জিল শরীফ, মথি ৪:১-২ আয়াত)
খ. ঈসা মসীহ রোজা রাখার শিক্ষা দিয়েছেন
"তোমরা যখন রোজা রাখো (উপবাস করো), তখন ভণ্ডদের মতো মুখ গোমড়া করো না। কারণ তারা মানুষকে দেখানোর জন্য মুখ বিবর্ণ করে। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। বরং তুমি যখন রোজা রাখো, তখন মাথায় তেল মাখো ও মুখ ধোও, যেন মানুষ নয় বরং তোমার আসমানি পিতা (আল্লাহ) যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে পুরস্কৃত করবেন।"
(ইঞ্জিল শরীফ, মথি ৬:১৬-১৮ আয়াত)
লক্ষ্য করুন, ঈসা মসীহ বললেন "যখন তোমরা রোজা রাখো" (when you fast), "যদি রোজা রাখো" (if you fast) নয়। তিনি ধরেই নিচ্ছেন তাঁর অনুসারীরা রোজা রাখবে। তিনি শুধু শেখাচ্ছেন কীভাবে সঠিকভাবে রাখতে হবে: লোক দেখানো নয়, আল্লাহর জন্য।
গ. প্রথম শতাব্দীর জামাত/মণ্ডলী রোজা রাখতো
"তাঁরা যখন রোজা রেখে মাবুদের এবাদত করছিলেন তখন পাক-রূহ্ তাঁদের বললেন, “বার্নাবাস আর শৌলকে আমি যে কাজের জন্য ডেকেছি আমার সেই কাজের জন্য এখন তাদের আলাদা কর।”'
(ইঞ্জিল শরীফ, প্রেরিত ১৩:২ আয়াত)
প্রথম শতাব্দীর ঈমানদাররা নিয়মিত রোজা রাখতেন, বিশেষ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বা আল্লাহর কাছে বিশেষ দোয়া চাওয়ার সময়।
চতুর্থত: খ্রীষ্টীয় বিশ্বাসে দান (সদাকা/যাকাত)
ক. ঈসা মসীহ দান করার শিক্ষা দিয়েছেন
"তুমি যখন দান করো, তখন তোমার ডান হাত যা করে তা তোমার বাম হাতকে জানতে দিও না, যেন তোমার দান গোপনে হয়। আর তোমার আসমানি পিতা (আল্লাহ) যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে পুরস্কৃত করবেন।"
(ইঞ্জিল শরীফ, মথি ৬:৩-৪ আয়াত)
"প্রত্যেকে মনে মনে যা ঠিক করে রেখেছে সে যেন তা-ই দেয়। কেউ যেন মনে দুঃখ নিয়ে না দেয় বা দিতে হবে বলে না দেয়, কারণ যে খুশী মনে দেয় আল্লাহ্ তাকে মহব্বত করেন।"
(ইঞ্জিল শরীফ, ২ করিন্থীয় ৯:৭ আয়াত)
খ. কতটুকু দান করতে হবে?
"প্রত্যেকে মনে মনে যা ঠিক করে রেখেছে সে যেন তা-ই দেয়। কেউ যেন মনে দুঃখ নিয়ে না দেয় বা দিতে হবে বলে না দেয়।"
(ইঞ্জিল শরীফ, ২ করিন্থীয় ৯:৭ আয়াত)
খ্রীষ্টীয় দান ব্যবস্থায় নির্দিষ্ট শতকরা হার বাধ্যতামূলক নয় (যদিও দশমাংশ বা ১০% এর ঐতিহ্য আছে)। বরং জোর দেওয়া হয় হৃদয়ের ওপর। আল্লাহ দানের পরিমাণ নয়, দানের হৃদয় দেখেন। ইসলামে যাকাত ২.৫% বাধ্যতামূলক, কিন্তু খ্রীষ্টীয় বিশ্বাসে বলা হয় "তোমার সামর্থ্য অনুযায়ী, আনন্দের সাথে দাও।" অনেক ঈমানদার ১০% এর চেয়ে অনেক বেশি দান করেন, কারণ তারা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে দেন, বাধ্যবাধকতায় নয়।
গ. প্রথম শতাব্দীর জামাতের /মণ্ডলীর দান
"সব ঈমানদারেই একসাথে থাকতেন এবং তাঁদের সবকিছুই অতি সাধারণ ছিল। তাঁরা তাঁদের জমিজমা ও সম্পত্তি বিক্রি করে প্রত্যেকের প্রয়োজন অনুসারে সবাই সবার মধ্যে ভাগ করে দিতেন।"
(ইঞ্জিল শরীফ, প্রেরিত ২:৪৪-৪৫ আয়াত)
প্রথম শতাব্দীর ঈমানদাররা শুধু ২.৫% বা ১০% নয়, তাঁরা নিজেদের জমিজমা ও সম্পত্তি পর্যন্ত বিক্রি করে প্রয়োজনগ্রস্তদের মধ্যে বিলিয়ে দিতেন! এটি বাধ্যবাধকতায় নয়, আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে করতেন। এটি খ্রীষ্টীয় দানের মর্মকথা।
পঞ্চমত: পবিত্র ও নৈতিক জীবনযাপন
কিতাবুল মোকাদ্দস ঈমানদারদের জীবনযাপনের জন্য অত্যন্ত উচ্চ নৈতিক মানদণ্ড নির্ধারণ করেছে।
ক. ঈসা মসীহ শরীয়তকে আরও গভীর করেছেন
"“তোমরা শুনেছ, এই কথা বলা হয়েছে, ‘জেনা কোরো না।’ কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ কোন স্ত্রীলোকের দিকে কামনার চোখে তাকায় সে তখনই মনে মনে তার সংগে জেনা করল।"
(ইঞ্জিল শরীফ, মথি ৫:২৭-২৮ আয়াত)
“তোমরা শুনেছ, আগেকার লোকদের কাছে এই কথা বলা হয়েছে, ‘খুন কোরো না; যে খুন করে সে বিচারের দায়ে পড়বে।’ কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ তার ভাইয়ের উপর রাগ করে সে বিচারের দায়ে পড়বে। যে কেউ তার ভাইকে বলে, ‘তুমি অপদার্থ,’ সে মহাসভার বিচারের দায়ে পড়বে। আর যে তার ভাইকে বলে, ‘তুমি বিবেকহীন,’ সে জাহান্নামের আগুনের দায়ে পড়বে।"
(ইঞ্জিল শরীফ, মথি ৫:২১-২২ আয়াত)
ঈসা মসীহ শরীয়তকে শিথিল করেননি, তিনি এটিকে আরও গভীর করেছেন! শুধু বাহ্যিক কাজ নয়, হৃদয়ের অবস্থাকেও বিচার করেছেন। শুধু ব্যভিচার /জেনা না করাই যথেষ্ট নয়, কামনার চোখেও তাকানো যাবে না। শুধু খুন না করাই যথেষ্ট নয়, অযথা রাগ করাও অপরাধ। এটি কি শিথিল নীতি? এটি তো ইসলামের শরীয়তের চেয়েও কঠোর!
খ. পৌল ঈমানদারদের চরিত্র সম্পর্কে যা বলেছেন
"কিন্তু পাক-রূহের ফল হল- মহব্বত, আনন্দ, শান্তি, সহ্যগুণ, দয়ার স্বভাব, ভাল স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা ও নিজেকে দমন। এই সবের বিরুদ্ধে কোন আইন নেই।"
(ইঞ্জিল শরীফ, গালাতীয় ৫:২২-২৩ আয়াত)
"গুনাহ্-স্বভাবের কাজগুলো স্পষ্টই দেখা যায়। সেগুলো হল- জেনা, নাপাকী, লমপটতা, মূর্তিপূজা, জাদুবিদ্যা, শত্রুতা, ঝগড়া, লোভ, রাগ, স্বার্থপরতা, অমিল, দলাদলি, হিংসা, মাতলামি, হৈ-হল্লা করে মদ খাওয়া, আর এই রকম আরও অনেক কিছু। আমি যেমন এর আগে তোমাদের সতর্ক করেছিলাম এখনও তা-ই করে বলছি, যারা এই রকম কাজ করে আল্লাহ্র রাজ্যে তাদের জায়গা হবে না।”
(ইঞ্জিল শরীফ, গালাতীয় ৫:১৯-২১ আয়াত)
পৌল স্পষ্টভাবে বলেছেন যে জেনা /ব্যভিচার, মাতলামি, হিংসা, ঝগড়া ইত্যাদি করলে আল্লাহর রাজ্যের উত্তরাধিকারী হওয়া যাবে না! এটি কি "যা ইচ্ছা তাই করো" এর শিক্ষা? মোটেও না! বরং এটি একটি উচ্চ নৈতিক জীবনযাপনের আহ্বান।
ষষ্ঠত: খ্রীষ্টীয় বিশ্বাসে শরীয়ত বনাম ভালোবাসার নীতি
এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। ইসলামে শরীয়ত (আইন) পালন করা বাধ্যতামূলক। খ্রীষ্টীয় বিশ্বাসে শরীয়তের স্থানটি একটু ভিন্ন, কিন্তু নৈতিক মানদণ্ড কোনোভাবেই কম নয়, বরং আরও গভীর।
ঈসা মসীহ সমস্ত শরীয়তকে দুটি মূলনীতিতে সংক্ষেপ করেছেন:
🟡 "তুমি তোমার সমস্ত অন্তর দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে ও সমস্ত মন দিয়ে তোমার আল্লাহ মাবুদকে মহব্বত করবে। এটাই প্রথম ও সবচেয়ে বড় হুকুম। আর দ্বিতীয়টি এর মতোই: তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো মহব্বত করবে। এই দুটি হুকুমের ওপর সমস্ত তাওরাত ও নবীদের কিতাব নির্ভর করে।"
(ইঞ্জিল শরীফ (মথি), মথি ২২:৩৭-৪০ আয়াত)
🔴 ঈসা মসীহ বলেননি "শরীয়ত বাতিল।" তিনি বলেছেন সমস্ত শরীয়তের মূল দুটি নীতি: আল্লাহকে ভালোবাসা এবং মানুষকে ভালোবাসা। যদি আপনি সত্যিই আল্লাহকে ভালোবাসেন, তাহলে আপনি তাঁর অবাধ্য হবেন না। আর যদি আপনি মানুষকে ভালোবাসেন, তাহলে আপনি তাদের ক্ষতি করবেন না, চুরি করবেন না, মিথ্যা বলবেন না। ভালোবাসাই হলো সমস্ত শরীয়তের পূর্ণতা।
পৌলও একই কথা বলেছেন:
🟡 "কারণ 'ব্যভিচার করো না, খুন করো না, চুরি করো না, লোভ করো না' এবং অন্য যেকোনো হুকুম এই একটি কথায় সংক্ষেপ করা হয়েছে: 'তোমার প্রতিবেশীকে নিজের মতো মহব্বত করো।' মহব্বত প্রতিবেশীর কোনো ক্ষতি করে না। তাই মহব্বতই শরীয়তের পূর্ণতা।"
(ইঞ্জিল শরীফ (রোমীয়), রোমীয় ১৩:৯-১০ আয়াত)
সপ্তমত: খ্রীষ্টীয় বিশ্বাসে ক্ষমা করার শিক্ষা
🟢 ঈসা মসীহর শিক্ষার সবচেয়ে বিপ্লবী এবং কঠিন অংশ হলো ক্ষমা করার শিক্ষা:
🟡 "তোমরা শুনেছ বলা হয়েছিল, 'তোমার প্রতিবেশীকে মহব্বত করো এবং তোমার শত্রুকে ঘৃণা করো।' কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের শত্রুদের মহব্বত করো এবং যারা তোমাদের তাড়না করে তাদের জন্য দোয়া করো।"
(ইঞ্জিল শরীফ (মথি), মথি ৫:৪৩-৪৪ আয়াত)
🟡 "যদি তোমরা মানুষের অপরাধ ক্ষমা করো, তাহলে তোমাদের আসমানি পিতা (আল্লাহ) তোমাদেরও ক্ষমা করবেন। কিন্তু যদি তোমরা মানুষকে ক্ষমা না করো, তাহলে তোমাদের পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন না।"
(ইঞ্জিল শরীফ (মথি), মথি ৬:১৪-১৫ আয়াত)
🔴 শত্রুকে ভালোবাসা এবং তাড়নাকারীদের জন্য দোয়া করা! এটি কি সহজ? মোটেও না। এটি পৃথিবীর সবচেয়ে কঠিন শিক্ষা। কিন্তু ঈসা মসীহ নিজে ক্রুশের ওপর থেকে তাঁর হত্যাকারীদের জন্য দোয়া করে এই শিক্ষার সবচেয়ে বড় উদাহরণ দিয়েছেন: "হে পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কী করছে" (ইঞ্জিল শরীফ (লূক), লূক ২৩:৩৪ আয়াত)। এটি কি "যা ইচ্ছা তাই করো" এর শিক্ষা?
উপসংহার: খ্রীষ্টীয় জীবন কি সহজ? মোটেও না!
প্রিয় পাঠক, আজকে আমরা দেখলাম:
প্রথমত, নাজাত আমলের ফল নয়, কিন্তু সত্যিকারের ঈমান সবসময় ভালো কাজের ফল দেয়। ঈমান ছাড়া আমল মৃত এবং আমল ছাড়া ঈমানও মৃত।
দ্বিতীয়ত, খ্রীষ্টীয় বিশ্বাসে নামাজ (প্রার্থনা) শুধু দিনে পাঁচবার নয়, "বিরতিহীনভাবে" করতে বলা হয়েছে। ঈসা মসীহ নিজে নিয়মিত নামাজ পড়তেন এবং সাহাবীদের শিখিয়েছেন।
তৃতীয়ত, রোজা (উপবাস) খ্রীষ্টীয় ইবাদতের অপরিহার্য অংশ। ঈসা মসীহ নিজে ৪০ দিন রোজা রেখেছিলেন।
চতুর্থত, দান (সদাকা) শুধু বাধ্যবাধকতা নয়, এটি হৃদয়ের বিষয়। প্রথম শতাব্দীর ঈমানদাররা নিজেদের সম্পত্তি পর্যন্ত বিলিয়ে দিতেন।
পঞ্চমত, ঈসা মসীহ শরীয়তকে আরও গভীর করেছেন: শুধু বাহ্যিক কাজ নয়, হৃদয়ের অবস্থাকেও বিচার করেছেন।
ষষ্ঠত, সমস্ত শরীয়তের মূলনীতি হলো আল্লাহকে ও মানুষকে ভালোবাসা।
সপ্তমত, শত্রুকে ভালোবাসা এবং ক্ষমা করার শিক্ষা খ্রীষ্টীয় জীবনের সবচেয়ে কঠিন ও সবচেয়ে সুন্দর দিক।
🔴 খ্রীষ্টীয় জীবন "যা ইচ্ছা তাই করো" এর জীবন নয়। এটি আল্লাহর ভালোবাসায় পরিবর্তিত হৃদয়ের জীবন। এটি এমন একটি জীবন যেখানে নামাজ, রোজা, দান, পবিত্রতা, ক্ষমা এবং ভালোবাসা বাধ্যবাধকতায় নয়, বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে করা হয়। এবং এই কারণেই এটি আরও গভীর ও সুন্দর।
আপনার জন্য একটি প্রশ্ন
আপনি কি এখন বুঝতে পারছেন যে খ্রীষ্টীয় জীবন "যা ইচ্ছা তাই করো" এর জীবন নয়?
আপনি কি দেখতে পাচ্ছেন যে ঈসা মসীহর শিক্ষা আসলে শরীয়তের চেয়েও গভীর? শুধু বাহ্যিক নিয়ম নয়, হৃদয়ের পরিবর্তন?
আপনি কি অনুভব করছেন যে, আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে ইবাদত করা বাধ্যবাধকতায় ইবাদত করার চেয়ে অনেক বেশি গভীর ও অর্থবহ?
🟢 ঈসা মসীহ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন এই জীবনে:
🟡 "এসো, আমার কাছে এসো, তোমরা সবাই যারা ক্লান্ত ও বোঝা বহন করছ, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়াল তোমাদের ওপর তুলে নাও এবং আমার কাছ থেকে শেখো, কারণ আমি নম্র ও বিনয়ী। তোমরা তোমাদের প্রাণে বিশ্রাম পাবে। কারণ আমার জোয়াল সহজ ও আমার বোঝা হালকা।"
(ইঞ্জিল শরীফ (মথি), মথি ১১:২৮-৩০ আয়াত)
হোম-ব্লগ ও প্রবন্ধ-প্রশ্নোত্তর-সম্পদ-যোগাযোগ
যোগাযোগ
salam@alkalimatullah.org
গোপনীয়তা ও নিরাপত্তা সম্পূর্ণ নিশ্চিত
© 2026 কালিমাতুল্লাহ-ঐতিহাসিক ও আধ্যাত্মিক সত্য অনুসন্ধান কেন্দ্র।
সত্য অনুসন্ধান করুন, কারণ সত্য আপনাকে মুক্ত করবে।
