একটি দাবি যা কোটি কোটি মানুষকে সত্য থেকে দূরে রাখছে

প্রিয় পাঠক, আপনি যদি একজন মুসলিম হন, তাহলে আপনি ছোটবেলা থেকে একটি কথা শুনে আসছেন: "তাওরাত, জবুর ও ইঞ্জিল আল্লাহর কিতাব ছিল, কিন্তু ইহুদি ও খ্রীষ্টানরা সেগুলো বদলে ফেলেছে।" এই কথাটি এতবার শোনা হয়েছে যে এটি একটি প্রশ্নাতীত সত্য হিসেবে গৃহীত হয়ে গেছে।

কিন্তু আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নগুলো করেছেন?

কে বদলেছে? কখন বদলেছে? কোন অংশটি বদলেছে? কী প্রমাণ আছে যে বদলেছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন: কুরআন শরীফ নিজে কি সত্যিই এই দাবি করে?

Abstract black and white wavy pattern
Abstract black and white wavy pattern

তাহরীফ (বিকৃতি) তত্ত্বের ঐতিহাসিক মূল্যায়ন:

কিতাব কি সত্যিই বদলে গেছে, নাকি এই দাবিটিই প্রমাণহীন?

আমরা আমাদের আর্টিকেল "প্রাচীন পাণ্ডুলিপি ও পাঠ্য-সমালোচনা" তে ২৫,০০০টিরও বেশি প্রাচীন পাণ্ডুলিপির প্রমাণ দেখেছি। আমরা "মৃত সাগরের গুটিপুস্তক" তে ২,০০০ বছরের পুরনো পাণ্ডুলিপি দেখেছি যা আজকের কিতাবের সাথে হুবহু মিলে যায়। আমরা "প্রত্নতাত্ত্বিক প্রমাণ ও ঐতিহাসিক সত্যতা" তে দেখেছি মাটির নিচের প্রতিটি আবিষ্কার কিতাবকে সত্য বলে প্রমাণ করছে।

কিন্তু আজকে আমরা একটু ভিন্ন দিক থেকে দেখব। আমরা দেখব "তাহরীফ" (বিকৃতি) তত্ত্বটি কোথা থেকে এলো, কুরআন আসলে কী বলে এবং প্রথম যুগের মুসলিম পণ্ডিতরা এই বিষয়ে কী মত পোষণ করতেন।

আমাদের উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়। আমাদের সুস্পষ্ট উদ্দেশ্য হলো গভীরে লুকিয়ে থাকা সত্যকে উন্মোচন করা। কারণ যদি এই দাবিটি মিথ্যা হয়, তাহলে এটি কোটি কোটি মানুষকে আল্লাহর সত্য কালাম থেকে দূরে রাখছে। আর সত্য থেকে দূরে রাখা মানে নাজাত থেকে দূরে রাখা।

প্রথমত: "তাহরীফ" শব্দের অর্থ ও দুটি ভিন্ন ব্যাখ্যা

আরবি ভাষায় "তাহরীফ" (تحريف) শব্দের অর্থ হলো "বিকৃতি" বা "পরিবর্তন"। কিন্তু ইসলামিক ধর্মতত্ত্বে এই শব্দটির দুটি ভিন্ন ব্যাখ্যা রয়েছে:

ক. তাহরীফ আল-মা'নাউই (تحريف المعنوي): অর্থের বিকৃতি

এই ব্যাখ্যা অনুযায়ী, কিতাবের মূল পাঠ্য (text) পরিবর্তন হয়নি, কিন্তু মানুষ কিতাবের অর্থ ও ব্যাখ্যা বিকৃত করেছে। অর্থাৎ আয়াতগুলো আগের মতোই আছে, কিন্তু মানুষ সেগুলোর ভুল ব্যাখ্যা দিচ্ছে বা সঠিক আয়াত লুকিয়ে রাখছে।

খ. তাহরীফ আল-লাফযি (تحريف اللفظي): পাঠ্যের বিকৃতি

এই ব্যাখ্যা অনুযায়ী, কিতাবের মূল পাঠ্য (text) নিজেই পরিবর্তন করা হয়েছে। শব্দ বদলানো হয়েছে, আয়াত যোগ করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে।

এই দুটি ব্যাখ্যার মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কুরআনের আয়াতগুলো যখন "তাহরীফ" এর কথা বলে, তখন সেগুলো প্রথম ব্যাখ্যার (অর্থের বিকৃতি) দিকেই ইঙ্গিত করে, দ্বিতীয় ব্যাখ্যার (পাঠ্যের বিকৃতি) দিকে নয়। আসুন, কুরআনের আয়াতগুলো নিজে পড়ে দেখি।

দ্বিতীয়ত: কুরআন শরীফ "তাহরীফ" সম্পর্কে আসলে কী বলে?

কুরআনে যেসব আয়াতে "তাহরীফ" শব্দটি ব্যবহৃত হয়েছে, সেগুলো পড়লে দেখা যায় যে কুরআন কিতাবের পাঠ্য পরিবর্তনের কথা বলছে না, বরং মানুষের আচরণ ও ব্যাখ্যার সমালোচনা করছে।

আয়াত ১:

"তাদের মধ্যে একদল আছে যারা কিতাবের (পাঠ করার সময়) জিহ্বা বাঁকিয়ে পড়ে, যেন তোমরা মনে করো এটা কিতাব থেকে, অথচ এটা কিতাব থেকে নয়। তারা বলে, 'এটা আল্লাহর পক্ষ থেকে,' অথচ এটা আল্লাহর পক্ষ থেকে নয়। তারা জেনেশুনে আল্লাহর নামে মিথ্যা বলে।"
(সূরা আলে ইমরান, ৩:৭৮ আয়াত)

এখানে কি বলা হচ্ছে কিতাবের পাঠ্য পরিবর্তন করা হয়েছে? অবশ্যই না। বরং বলা হচ্ছে কিছু লোক কিতাব পড়ার সময় "জিহ্বা বাঁকিয়ে" পড়ে, অর্থাৎ ভুলভাবে উচ্চারণ করে বা ভুল ব্যাখ্যা দেয়। এটি "তাহরীফ আল-মা'নাউই" (অর্থের বিকৃতি), পাঠ্যের বিকৃতি নয়।

আয়াত ২:

"তারা কালামকে তার সঠিক স্থান থেকে সরিয়ে দেয়।"
(সূরা আন-নিসা, ৪:৪৬ আয়াত)

"কালামকে তার সঠিক স্থান থেকে সরিয়ে দেয়" এর অর্থ কি কিতাবের শব্দ বদলে ফেলা? নাকি কিতাবের সঠিক অর্থ থেকে সরে যাওয়া? আরবি ভাষায় "ইউহাররিফূনা আল-কালিমা 'আন মাওয়াদি'ইহি" (يُحَرِّفُونَ الْكَلِمَ عَن مَّوَاضِعِهِ) এর আক্ষরিক অর্থ হলো "শব্দগুলোকে তাদের (সঠিক) স্থান থেকে সরিয়ে দেওয়া"। এটি কিতাবের পাঠ্য পরিবর্তন নয়, এটি কিতাবের ভুল ব্যাখ্যা দেওয়া বা কিতাবের আয়াতকে তার সঠিক প্রেক্ষাপট থেকে বের করে ভুল অর্থ দেওয়া।

আয়াত ৩:

"ইহুদিদের মধ্যে কিছু লোক আছে যারা কালামকে তার সঠিক স্থান থেকে সরিয়ে দেয় এবং বলে, 'আমরা শুনেছি ও অমান্য করেছি।'"
(সূরা আন-নিসা, ৪:৪৬ আয়াত)

এখানেও "কালামকে সরিয়ে দেওয়া" এর সাথে সাথে বলা হচ্ছে "আমরা শুনেছি ও অমান্য করেছি।" অর্থাৎ সমস্যাটি কিতাবের পাঠ্যে নয়, সমস্যাটি মানুষের মনোভাবে। তারা কিতাবের কথা শুনেও মানছে না, ভুল ব্যাখ্যা দিচ্ছে, সঠিক অর্থ থেকে সরে যাচ্ছে।

তৃতীয়ত: কুরআন কি কিতাবুল মোকাদ্দসকে সত্যায়ন করে?

এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। কুরআন শরীফ কিতাবুল মোকাদ্দস সম্পর্কে কী বলে? আসুন আয়াতগুলো সরাসরি পড়ি:

ক. তাওরাত ও ইঞ্জিলে হেদায়েত ও নূর আছে:

"আমি তাওরাত নাযিল করেছি, তাতে আছে হেদায়েত ও নূর।"
(সূরা আল-মায়িদাহ, ৫:৪৪ আয়াত)

"আমি তাদের পেছনে মরিয়মের পুত্র ঈসাকে পাঠিয়েছিলাম, তাঁর আগের তাওরাতের সত্যায়নকারী হিসেবে। আমি তাঁকে ইঞ্জিল দিয়েছিলাম, যাতে আছে হেদায়েত ও নূর।"
(সূরা আল-মায়িদাহ, ৫:৪৬ আয়াত)

কুরআন বলছে তাওরাত ও ইঞ্জিলে "হেদায়েত ও নূর" আছে (বর্তমান কাল (Present Tense) ব্যবহার করে)। "ছিল" বলা হয়নি, "আছে" বলা হয়েছে। যদি এই কিতাবগুলো বিকৃত হয়ে যেত, তাহলে সেগুলোতে কি আর হেদায়েত ও নূর থাকত?

খ. ইঞ্জিলের অনুসারীদের ইঞ্জিল মানতে বলা হয়েছে:

"ইঞ্জিলের অনুসারীরা আল্লাহ তাতে যা নাযিল করেছেন সেই অনুযায়ী বিচার করুক। আল্লাহ যা নাযিল করেছেন সেই অনুযায়ী যারা বিচার করে না, তারাই ফাসিক।"
(সূরা আল-মায়িদাহ, ৫:৪৭ আয়াত)

যদি ইঞ্জিল বদলে গিয়ে থাকে, তাহলে কুরআন কেন ইঞ্জিলের অনুসারীদের ইঞ্জিল অনুযায়ী বিচার করতে বলছে? একটি বিকৃত কিতাব অনুযায়ী বিচার করতে বলা কি আল্লাহর পক্ষে সম্ভব? (নাউযুবিল্লাহ)

গ. কুরআন আগের কিতাবের "সংরক্ষক":

"আমি তোমার প্রতি সত্য কিতাব নাযিল করেছি, যা তার আগের কিতাবগুলোর সত্যায়নকারী এবং সেগুলোর সংরক্ষক (মুহাইমিন)।"
(সূরা আল-মায়িদাহ, ৫:৪৮ আয়াত)

আমরা আমাদের আর্টিকেল "কিতাব সংরক্ষণে ঐশ্বরিক প্রতিশ্রুতি: আল্লাহ কি তাঁর কালাম রক্ষা করতে অক্ষম?" তে এই আয়াতটি বিস্তারিত আলোচনা করেছি। "মুহাইমিন" (مُهَيْمِن) শব্দের অর্থ হলো পাহারাদার, রক্ষক, তত্ত্বাবধায়ক।

কুরআন যদি আগের কিতাবগুলোর "রক্ষক" বা "পাহারাদার" হয়, তবে সেই কিতাবগুলো কি বদলে যেতে পারে? পাহারাদার থাকা অবস্থায় সম্পদ চুরি হয়ে যায়, এটি কি গ্রহণযোগ্য?

ঘ. আল্লাহর কালাম পরিবর্তনযোগ্য নয়:

"আল্লাহর বাণীসমূহের কোনো পরিবর্তন নেই।"
(সূরা ইউনুস, ১০:৬৪ আয়াত)

"তোমার রবের কালাম সত্য ও ন্যায়ের দিক থেকে পূর্ণ। তাঁর কালাম পরিবর্তন করার কেউ নেই।"
(সূরা আল-আন'আম, ৬:১১৫ আয়াত)

কুরআন স্পষ্টভাবে বলছে আল্লাহর কালাম পরিবর্তনযোগ্য নয়। কুরআন স্বীকার করে তাওরাত, যাবুর ও ইঞ্জিল আল্লাহর কালাম। তাহলে আপনার বিবেক ও যুক্তি কী বলে? যদি আল্লাহর কালাম পরিবর্তন করা অসম্ভব হয় এবং তাওরাত, যাবুর ও ইঞ্জিল আল্লাহর কালাম হয়, তবে এগুলো পরিবর্তন হওয়াও অসম্ভব।

ঙ. সন্দেহ হলে আহলে কিতাবদের জিজ্ঞেস করতে বলা হয়েছে:

"তুমি যদি আমি তোমার প্রতি যা নাযিল করেছি তা নিয়ে সন্দেহে থাকো, তাহলে তোমার আগে থেকে যারা কিতাব পড়ছে তাদের জিজ্ঞেস করো।"
(সূরা ইউনুস, ১০:৯৪ আয়াত)

এই আয়াতটি অত্যন্ত শক্তিশালী। আল্লাহ নিজে বলছেন, সন্দেহ হলে আহলে কিতাবদের (ইহুদি ও খ্রীষ্টানদের) জিজ্ঞেস করো, যাদের কাছে আগের কিতাব আছে। যদি সেই কিতাব বিকৃত হয়ে থাকত, তাহলে আল্লাহ কি বিকৃত কিতাবের অনুসারীদের কাছে সত্য যাচাই করতে বলতেন?

চতুর্থত: প্রথম যুগের মুসলিম পণ্ডিতরা কী বলেছেন?

এখন আসি সবচেয়ে আকর্ষনীয় অংশে। প্রথম যুগের অনেক বিখ্যাত মুসলিম পণ্ডিত কিতাবুল মোকাদ্দস এর পাঠ্য বিকৃতির ধারণাকে সমর্থন করেননি। তাঁরা "তাহরীফ আল-মা'নাউই" (অর্থের বিকৃতি) মানতেন, "তাহরীফ আল-লাফযি" (পাঠ্যের বিকৃতি) নয়।

ক. ইমাম আল-বুখারী (৮১০-৮৭০ খ্রীষ্টাব্দ)

বিখ্যাত হাদিস সংকলক ইমাম আল-বুখারী তাঁর "সহীহ আল-বুখারী" তে "তাহরীফ" শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছেন:

"ইউহাররিফূনা (তারা বিকৃত করে) মানে হলো: তারা (কিতাবের) অর্থ পরিবর্তন করে। আল্লাহর সৃষ্টির কারো পক্ষে আল্লাহর কিতাবের কোনো শব্দ পরিবর্তন করা সম্ভব নয়।"
(সহীহ আল-বুখারী, কিতাবুত তাওহীদ, বাব ৫৫)

ইমাম বুখারী স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহর কিতাবের শব্দ পরিবর্তন করা কারো পক্ষে সম্ভব নয়! তিনি "তাহরীফ" এর অর্থ করেছেন "অর্থ পরিবর্তন", "পাঠ্য পরিবর্তন" নয়!

খ. ইমাম ইবনে কাসীর (১৩০১-১৩৭৩ খ্রীষ্টাব্দ)

প্রখ্যাত তাফসীরকার ইবনে কাসীর তাঁর তাফসীরে সূরা আল-বাকারাহ ২:৭৫ আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে "তাহরীফ" মানে হলো কিতাবের ভুল ব্যাখ্যা দেওয়া, পাঠ্য পরিবর্তন নয়।

গ. ইমাম ফখরুদ্দীন আর-রাযী (১১৪৯-১২০৯ খ্রীষ্টাব্দ)

বিখ্যাত তাফসীরকার ফখরুদ্দীন আর-রাযী তাঁর "তাফসীর আল-কবীর" এ লিখেছেন:

"তাওরাত ও ইঞ্জিলের পাঠ্য পরিবর্তন করা সম্ভব নয়, কারণ এই কিতাবগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এবং বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।"

ফখরুদ্দীন আর-রাযী, ইসলামের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত, নিজেই বলছেন যে তাওরাত ও ইঞ্জিলের পাঠ্য পরিবর্তন সম্ভব নয়! কারণটিও তিনি বলেছেন: এই কিতাবগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, তাই একসাথে সব কপি বদলে ফেলা অসম্ভব। এটি ঠিক সেই যুক্তিই যা আমরা আমাদের আর্টিকেল "প্রাচীন পাণ্ডুলিপি ও পাঠ্য-সমালোচনা" তে বিস্তারিতভাবে তুলে ধরেছি।

ঘ. ইবনে খালদুন (১৩৩২-১৪০৬ খ্রীষ্টাব্দ)

বিখ্যাত মুসলিম ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী ইবনে খালদুন তাঁর "মুকাদ্দিমা" (আল-মুকাদ্দিমা) গ্রন্থে লিখেছেন:

"তাওরাতের ব্যাপক প্রচলনের কারণে একে বিকৃত করা অসম্ভব ছিল।"

পঞ্চমত: তাহলে "কিতাব বদলে গেছে" ধারণা কোথা থেকে এলো?

যদি কুরআন নিজে কিতাবুল মোকাদ্দস-এর পাঠ্য বিকৃতির কথা না বলে এবং প্রথম যুগের মুসলিম পণ্ডিতরাও পাঠ্য বিকৃতি স্বীকার না করেন, তাহলে এই ধারণা কোথা থেকে এলো?

ঐতিহাসিকভাবে দেখা যায়, "কিতাবের পাঠ্য বদলে গেছে" এই ধারণাটি প্রথম শতাব্দীর মুসলিমদের মধ্যে প্রচলিত ছিল না। এটি পরবর্তী শতাব্দীগুলোতে, বিশেষ করে ইসলাম ও খ্রীষ্টধর্মের মধ্যে ধর্মতাত্ত্বিক বিতর্কের পরিপ্রেক্ষিতে জনপ্রিয় হয়ে ওঠে।

প্রথমদিকে মুসলিম পণ্ডিতরা যখন কিতাবুল মোকাদ্দস পড়তেন, তাঁরা দেখতেন এতে ঈসা মসীহকে শুধু নবী নয়, তার চেয়ে অনেক বেশি কিছু হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটি তাঁদের ইসলামিক বিশ্বাসের সাথে সাংঘর্ষিক মনে হতো। তাই পরবর্তী পণ্ডিতরা "কিতাব বদলে গেছে" বলে এই সমস্যার সমাধান করতে চেয়েছিলেন।

কিন্তু "একটি সমস্যার সমাধান করতে গিয়ে আরেকটি একটি বড় সমস্যা তৈরি করা হয়েছে।" কারণ কুরআন নিজেই আগের কিতাবকে সত্যায়ন করে, আল্লাহর কালাম পরিবর্তন অসম্ভব বলে, এবং ইমাম বুখারীর মতো মহান পণ্ডিতরা পাঠ্য বিকৃতি অস্বীকার করেছেন। তাহলে "কিতাব বদলে গেছে" দাবি কুরআন ও ইসলামের নিজের শিক্ষারই বিরোধিতাই করে!

ষষ্ঠত: একটি যৌক্তিক বিশ্লেষণ

আসুন সাধারণ কমনসেন্স, নিজের জাগ্রত বিবেক ও যুক্তি দিয়ে বিষয়টিকে ভাবার চেষ্টা করি। যদি কেউ বলেন কিতাব বদলে গেছে, ইভেন, আপনিও যদি বিশ্বাস করেন তবে, তাঁকে /আপনাকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে:

প্রশ্ন ১: কখন বদলেছে?

ক. ঈসা মসীহর আগে? মৃত সাগরের গুটিপুস্তক (খ্রীষ্টপূর্ব ২৫০ থেকে ৬৮ খ্রীষ্টাব্দ) প্রমাণ করে তাঁর আগেও কিতাব আজকের মতোই ছিল।

খ. তাঁর পরে? প্রথম ও দ্বিতীয় শতাব্দীর পাণ্ডুলিপিগুলো (P52, P66, P75) আজকের ইঞ্জিল শরীফের সাথে হুবহু মিলে যায়।

গ. কুরআন নাযিলের আগে? কিন্তু কুরআন নিজেই তখনকার তাওরাত ও ইঞ্জিলকে সত্যায়ন করেছে।

ঘ. কুরআন নাযিলের পরে? কিন্তু কুরআন নাযিলের সময় থেকে আজ পর্যন্ত পূর্ববর্তী কিতাবগুলোর পাণ্ডুলিপিগুলো একই আছে।

প্রশ্ন ২: কারা বদলেছে?

ক. ইহুদিরা? খ্রীষ্টানরা? কিন্তু তাদের মধ্যে শত শত বছর ধরে তীব্র বিরোধ ছিল। তারা কখনো একসাথে বসে কিতাব বদলানোর ষড়যন্ত্র করতে পারত না। এমনকি, ধর্মতাত্ত্বিক দিক থেকে লক্ষ্য করলে দেখা যায় যে সেই বিরোধ এখনো ১০০% বহাল আছে। এই ঘটনা স্পষ্ট করে যে, এই কিতাব বদলানোর ষড়যন্ত্র করার সম্ভাবনা একেবারেই শূণ্য (০)।

খ. কোন দল বা গোষ্ঠী? কিন্তু কিতাব একটি মাত্র জায়গায় ছিল না। প্রথম শতাব্দী থেকেই রোম, মিশর, সিরিয়া, গ্রিস, তুরস্ক, ইথিওপিয়া, ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজার হাজার কপি ছড়িয়ে ছিল।

প্রশ্ন ৩: কোন অংশ বদলেছে?

কেউ কখনো সুনির্দিষ্টভাবে দেখাতে পারেননি যে কোন অংশটি বদলানো হয়েছে। "বদলেছে" বলা হয়, কিন্তু "কোথায় বদলেছে" জিজ্ঞেস করলে উত্তর আসে না।

প্রশ্ন ৪: আল্লাহ কেন তাঁর কিতাব রক্ষা করলেন না?

এটি সবচেয়ে বড় প্রশ্ন এবং আমরা আমাদের আর্টিকেল "কিতাব সংরক্ষণে ঐশ্বরিক প্রতিশ্রুতি" তে বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহ যদি সর্বশক্তিমান হন এবং তিনি যদি মানবজাতির হেদায়েতের জন্য কিতাব নাযিল করেন, তবে সেই কিতাব রক্ষা করার ক্ষমতা কি তাঁর নেই? মানুষ কি আল্লাহর চেয়ে বেশি শক্তিশালী?

তাহলে, এই সন্দেহের দেয়ালটি কি ভাঙার সময় এসেছে?

প্রিয় পাঠক, আজকে আমরা দেখলাম:

প্রথমত, কুরআনের আয়াতগুলো "তাহরীফ" বলতে পাঠ্যের বিকৃতি নয়, অর্থের বিকৃতি বোঝাচ্ছে।

দ্বিতীয়ত, কুরআন নিজেই তাওরাত ও ইঞ্জিলে "হেদায়েত ও নূর" আছে বলে ঘোষণা করেছে এবং ইঞ্জিলের অনুসারীদের ইঞ্জিল মানতে বলেছে।

তৃতীয়ত, কুরআন আল্লাহর কালাম পরিবর্তন করা অসম্ভব বলে ঘোষণা করেছে।

চতুর্থত, ইমাম আল-বুখারী, ফখরুদ্দীন আর-রাযী, ইবনে খালদুনের মতো মুসলিম পণ্ডিতরা কিতাবুল মোকাদ্দস-এর পাঠ্য বিকৃতি অস্বীকার করেছেন।

পঞ্চমত, "কিতাব বদলে গেছে" ধারণাটি প্রথম যুগের নয়, এটি পরবর্তী শতাব্দীগুলোতে ধর্মতাত্ত্বিক বিতর্কের প্রেক্ষাপটে জনপ্রিয় হয়েছে।

ষষ্ঠত, যৌক্তিকভাবে "কখন, কারা, কোন অংশ" এই প্রশ্নগুলোর কোনো উত্তর বা সন্তোষজনক উত্তর নেই।

"কিতাব বদলে গেছে" এই দাবিটি একটি প্রমাণহীন ধারণা যা কোটি কোটি মানুষকে আল্লাহর সত্য কালাম থেকে এবং ঈসা মসীহর নাজাত থেকে দূরে রাখছে। এই সন্দেহের দেয়ালটি ভাঙার সময় এসেছে। নিজে পড়ুন, নিজে যাচাই করুন, নিজে সিদ্ধান্ত নিন।

পরবর্তী আর্টিকেলে আমরা দেখব "বার্নাবাসের ইঞ্জিল" কি আসলেই আসল ইঞ্জিল নাকি মধ্যযুগের জালিয়াতি।

পড়ুন: "বার্নাবাসের ইঞ্জিল: একটি ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও ভাষাগত পর্যালোচনা"।

আপনার জন্য একটি প্রশ্ন

আপনি সারাজীবন শুনে এসেছেন "কিতাব বদলে গেছে।" কিন্তু আজকে আপনি জানলেন যে:

  • কুরআন নিজেই আগের কিতাবকে সত্যায়ন করে।

  • আল্লাহর কালাম পরিবর্তন করা অসম্ভব বলে কুরআন ঘোষণা করে।

  • ইমাম বুখারীর মতো মহান পণ্ডিতরা পাঠ্য বিকৃতি অস্বীকার করেছেন।

  • ২৫,০০০টি প্রাচীন পাণ্ডুলিপি কিতাবের অপরিবর্তনীয়তা প্রমাণ করে।

এই তথ্যগুলো জানার পর, আপনি কি এখনো "কিতাব বদলে গেছে" বিশ্বাস করবেন? নাকি আপনি নিজে কিতাবুল মোকাদ্দস পড়ে দেখবেন এটি আসলে কী বলে?

"তোমরা সত্যকে জানবে এবং সেই সত্যই তোমাদের মুক্ত করবে।"
(ইঞ্জিল শরীফ (যোহন), ইউহোন্না ৮:৩২ আয়াত)

প্রিয় পাঠক, আমাদের লেখাগুলো পড়ার সময় আপনার মনে অনেক কিছু নিয়ে সংশয় বা প্রশ্নের উদয় হতে পারে, তাই যদি আপনার ক্ষেত্রেও এমনটি হয়, তবে আর দেরি না করে এখনই আমাদেরকে তা লিখে জানাতে পারেন; আমরা অবশ্যই আপনাকে যথাযথ সহযোগীতা করবো, ইনশাল্লাহ্।

আপনার মনের অনুভুতি পাঠান

আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কোনো বিতর্ক ছাড়াই অত্যন্ত সম্মানের সাথে প্রতিটি প্রশ্নের উত্তর প্রদান করি।

আমি কিতাবুল মোকাদ্দস পড়তে চাই, কিভাবে পেতে পারি?